নতুন উপাচার্য পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
তাহমিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে দীর্ঘ ৩৫ বছর ধরে শিক্ষকতায় নিয়োজিত
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো কোনো নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আখতার (টফি)। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। একই দিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকের কাছে যোগদানপত্র জমা দেন তিনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগে পাঁচটি শর্ত আরোপ করা হয়েছে।
শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ— এর মধ্যে যা আগে আসবে, সেই সময় পর্যন্ত তিনি উপাচার্য পদে বহাল থাকবেন। বেতন-ভাতা পাবেন বর্তমান পদের সমপরিমাণে এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক তাহমিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে দীর্ঘ ৩৫ বছর ধরে শিক্ষকতায় নিয়োজিত। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে রিসোর্সপার্সন এবং প্রশিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
নতুন সরকারের অধীনে উচ্চশিক্ষা খাতে নারী নেতৃত্বের এই অগ্রযাত্রাকে শিক্ষাঙ্গনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।